বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল আজিজ
নওগাঁর পত্নীতলা থানার মিরাপুর মৌজায় রাতের আঁধারে প্রায় ১৩ হাজার লোড হওয়া কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (১৯ আগস্ট) রাতে নিজস্ব ও লিজ নেওয়া প্রায় ৭২৬ শতাংশ (প্রায় ২২ বিঘা) জমিতে লাগানো কলাগাছগুলো কেটে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত জমির মালিক/চাষিরা হলেন—মো. হাবিবুর রহমান, সাইফুল, আজগর ও হায়দার। তাদের দাবি, পত্নীতলা থানার মিরাপুর মৌজার পাঁচটি স্থানে থাকা প্রায় ১৩ হাজার কলাগাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোতে কলার কাঁদি ধরেছিল এবং বিক্রির উপযোগী ছিল বলে জানান তারা।
এ ঘটনায় প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা এবং কী কারণে এভাবে কলাগাছ কেটে ফেলেছে, তা জানা যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।