বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী” উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ০৪:০০ ঘটিকায় চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত আলী খান, যুগ্ম আহ্বায়ক শামীম শেখ, সদস্য হাফিজুর রহমান, সদস্য রাসেল ফকিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব, শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবক দলের অন্যতম লক্ষ্য। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ চিতলমারী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেক নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যা করা প্রয়োজন।
পরে নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচিকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।