সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
কুড়িগ্ৰাম প্রতিনিধি:১০-০৯-২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাজারের পেছনে একটি সুপারি বাগানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা সেখানে এসে জুয়া খেলায় অংশ নিতেন। পুলিশের দাবি, জুয়ার পাশাপাশি সেখানে মাদক সেবনের আসরও চলত।
মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযান টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন পরিত্যক্ত নর্দমাযুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগভান্ডার এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ ময়নাল হক (৬৫), বজলার রহমানের ছেলে মোঃ মাসুম হোসেন (৪৪), খামার পত্রনবীশ এলাকার মৃত করিমের ছেলে মোঃ গাজীউর রহমান (৪৭) এবং বাগভান্ডার এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম (৪১)। তাদের সবার থানা ভূরুঙ্গামারী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ও পলাতক জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “জুয়া এবং মাদকের আসরগুলো একসঙ্গে চলে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”