সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দুই লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. লিমন হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ভৈরমপুর এলাকায় অভিযান চালিয়ে লিমন হোসেনকে আটক করা হয়। এ সময় তার পরনের ডান পকেট থেকে নীল রঙের জিপারে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লিমন হোসেন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জুজখোলা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল আউয়াল মাঝির ছেলে। তার মায়ের নাম মোছা. নাসিমা বেগম।
পরে লিমন হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভৈরমপুর গ্রামের রবিউল হাওলাদারের বসতঘরে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখানে একটি ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা হলুদ রঙের ছোট একটি শপিং ব্যাগের ভেতর নীল রঙের জিপারে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে মাদক বিক্রির দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া ২০০ পিস ইয়াবার মোট ওজন ২০ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।