সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জরুরি চিকিৎসা সামগ্রী ও বর্জ্য অপসারণের জন্য যানবাহন হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পরিষদ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চিকিৎসা সামগ্রী ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের অনুদান থেকে মোট ১০টি মানসম্মত অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এর মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ৭টি, জেলা হার্ট ফাউন্ডেশনে ২টি এবং জেলা ডায়াবেটিক সমিতিতে ১টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এছাড়া হাসপাতালের চিকিৎসাবর্জ্য দ্রুত ও নিয়মমাফিক অপসারণের জন্য ৫টি আধুনিক গার্বেজ ট্রলি এবং ১টি বিশেষ গার্বেজ ভ্যান প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর সদর হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপ সামলানোর পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জেলা পরিষদ সবসময় সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থার অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে বিপুল অর্থ ব্যয় করে পিরোজপুর সদর হাসপাতালে যে অক্সিজেন ফ্লো লাইন নির্মাণ করা হয়েছিল, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সেটি বর্তমানে সম্পূর্ণ অকার্যকর ও অমেরামতযোগ্য অবস্থায় পড়ে আছে।
গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) প্রকৌশলীদের বরাত দিয়ে তিনি বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন, ডা. শিশির রঞ্জন অধিকারীসহ জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তা ও চিকিৎসকেরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদের সরবরাহ করা এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পরিচ্ছন্নতা উপকরণের মাধ্যমে হাসপাতালের সেবার গতি আরও বাড়বে এবং সাধারণ রোগীরা এর প্রত্যক্ষ সুফল পাবেন।