সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি: মোঃ রুবেল সিকদার
পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর ভাঙনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে জনপদ সোনাকুর গ্রাম। নদীর অব্যাহত ভাঙনে বসতভিটা, আবাদি জমি, গাছপালা ও স্থানীয় স্থাপনাগুলো নদীগর্ভে চলে যাচ্ছে। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী বাসিন্দারা।
সরেজমিনে ধারণ করা ছবিতে দেখা যায়, সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় মাটিতে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও নদীর পাড় কয়েক ফুট ভেঙে পানিতে চলে গেছে, আবার কোথাও বসতবাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছে নদীর পানি। কয়েকটি স্থানে বসতঘরের পাশের মাটি ধসে পড়েছে। নদীর পাড়ে থাকা গাছপালা ও ঘরবাড়িও রয়েছে ভাঙনের ঝুঁকিতে।
নদীতীরের বিভিন্ন অংশে ভাঙনের চিহ্ন স্পষ্ট। কোথাও পাড়ের মাটি খসে পড়েছে, কোথাও আবার নদীর স্রোতে পাড়ের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বসতভিটা হারানোর পাশাপাশি স্থানীয়দের চলাচল ও স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কবলে পড়ে সোনাকুর গ্রামের অনেকটা এলাকা সংকুচিত হয়ে এসেছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে অদূর ভবিষ্যতে গ্রামের আরও বড় অংশ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
নদীভাঙনের হাত থেকে বসতবাড়ি ও জনপদ রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই নদীশাসন ও তীর সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।